সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একইসঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি প্রয়োজন মেটাতে ১ সেপ্টেম্বর থেকে নতুন এই সুবিধা চালু করা হচ্ছে।
এর ফলে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল টাকা চলমান স্কিমে নির্ধারিত বিধিনিষেধের বাইরে থেকেও প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আমানতের মুনাফা নিয়ে গ্রাহকদের বিভ্রান্তি দূর করতেও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না। এরপরও বিষয়টি নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে অস্পষ্টতা থাকায় গভর্নর ব্যাংক কর্তৃপক্ষকে প্রত্যেক আমানতকারীকে বিষয়টি স্পষ্টভাবে জানানোর নির্দেশ দেন।
প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকটিকে দ্রুত স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করার তাগিদও দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন