সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানে পদত্যাগ
পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আইয়ুব মিয়া গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন। বয়সের কারণে এখন আর দায়িত্ব নিতে চান না এবং অবসর জীবনের সময়টুকু স্বাচ্ছন্দ্যে কাটাতে চান।
গত বছরের ৭ ডিসেম্বর তাকে এই ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি একজন সাবেক সচিব।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সংকট মোকাবিলায় পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে এই নতুন ব্যাংকটি গঠন করে। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
নতুন ব্যাংকটি প্রায় ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের মধ্যে তহবিল হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া প্রায় ৭৮ লাখ আমানতকারীর জন্য আমানত বিমা তহবিল থেকে জনপ্রতি দুই লাখ টাকা করে মোট প্রায় ১২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে