মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন সামিরা খান মাহি
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সামিরা খান মাহির এবারের যাত্রা শেষ হয়েছে সেমিফাইনালেই। প্রতিযোগিতার প্রথম ধাপের বাছাইয়ে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় স্থান পাননি তিনি। ফলে আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের লড়াই থেকে বাদ পড়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। প্রাথমিক বাছাই শেষে বিচারকেরা সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করেন। তবে সেই তালিকায় জায়গা হয়নি মাহির।
প্রতিযোগিতার জাতীয় পোশাক প্রদর্শনী পর্বে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে প্রশংসা পেয়েছিলেন মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে তিনি পরেছিলেন লাল-সাদা রঙের ঐতিহ্যবাহী খাদির শাড়ি। পোশাকটির নাম দেওয়া হয়েছিল ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’। এর মূল ভাবনায় ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্কের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রকাশ।
কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। এর সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী অলংকার। পোশাকের পেছনে যুক্ত বৃত্তাকার শিল্পকর্মে একজন নারীর শৈশব, মাতৃত্ব ও বার্ধক্যের বিভিন্ন পর্যায় ফুটিয়ে তোলা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও নারীর জীবনযাত্রার নানা দিক আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন মাহি।
এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্ব পেয়েছে। অনলাইন ভোটিংয়ে বিভিন্ন সময়ে ভালো অবস্থানে ছিলেন বাংলাদেশের এই প্রতিযোগী। সাপ্তাহিক ভোটে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি মোট ভোটের হিসাবেও এগিয়ে ছিলেন তিনি। তবে দর্শকদের ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল সর্বোচ্চ ভোট পাওয়া একজনের। শেষ পর্যন্ত সেই সুযোগও কাজে লাগাতে পারেননি মাহি।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। ওই আসরে দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত আসরে তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে দেন। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তির প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে সেরা ৩০-এর লড়াইয়ে পৌঁছানোর আগেই শেষ হলো তাঁর এবারের মিস ইউনিভার্স অভিযান।
মতামত দিন