অভিনয়ের পাশাপাশি এবার গাড়ির ব্যবসায় সামিরা খান মাহি
অভিনয়ের জগতে পরিচিত মুখ সামিরা খান মাহি এবার যুক্ত হলেন ব্যবসায়। ‘স্পিডটাচ অটোস’ নামে একটি গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে নতুন এই যাত্রা শুরু করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
নতুন ব্যবসা প্রসঙ্গে মাহি জানান, ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওউনড গাড়ির বাজারে ক্রেতাদের ভালো মানের গাড়ি, ন্যায্য মূল্য এবং প্রতিযোগিতামূলক সুবিধা দেওয়াই তাদের প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। গ্রাহকদের আস্থা অর্জন করে ব্যবসাটিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি দুটি ব্যবসা নিয়ে ভাবছিলেন মাহি। এর মধ্যে গাড়ির ব্যবসাটির কথা এবার আনুষ্ঠানিকভাবে জানালেন তিনি। অন্য উদ্যোগটির বিষয়েও খুব শিগগির বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
গত দুই বছরে অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন মাহি। এর পেছনে অন্যতম কারণ হিসেবে বিকল্প আয়ের পথ তৈরির বিষয়টি উল্লেখ করেছেন তিনি। অভিনয়কে একমাত্র পেশা বা আয়ের উৎস হিসেবে না রেখে ব্যবসায় যুক্ত হওয়ার মাধ্যমে নিজের পছন্দ অনুযায়ী কাজ করার স্বাধীনতা ধরে রাখতে চান এই অভিনেত্রী।
মাহির ভাষ্য অনুযায়ী, গল্প ও চরিত্র পছন্দ হলেই এখন কাজ করতে চান তিনি। অর্থের প্রয়োজন মেটাতে নিয়মিত অভিনয়ের ওপর নির্ভরশীল না থাকলে নিজের পছন্দের গল্প ও চরিত্র বেছে নেওয়ার সুযোগ আরও বাড়বে বলেই মনে করেন তিনি।
এদিকে অভিনয়েও পুরোপুরি বিরতি নিচ্ছেন না মাহি। সম্প্রতি ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামে দুটি নতুন মিনি সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মহিন খানের পরিচালনায় পারিবারিক গল্পের ‘কর্মফল’-এ মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠু।
অন্যদিকে মোহাম্মদ ওমর ফারুক পরিচালিত ‘মায়ার সংসার’ সিরিজে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নাদের চৌধুরী ও মনিরা মিঠু। সিরিজ দুটি শিগগির ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
মতামত দিন