Views Bangladesh Logo

প্রথমবারের মতো মা হচ্ছেন সামান্থা

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবারের মতো মা হতে চলেছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি সামান্থা কিংবা তার স্বামী রাজ নিদিমরু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করা এই তারকা দম্পতির সংসারে শিগগিরই নতুন অতিথি আসছে।

সম্প্রতি সামান্থার নতুন সিনেমা মা ইনতি বানগারামের সাফল্য উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে দাবি করছেন ভক্তরা। এরপর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়। সামাজিক মাধ্যমে অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তাকে অভিনন্দনও জানিয়েছেন।

সামান্থা ও রাজের পরিচয় এবং ঘনিষ্ঠতা গড়ে ওঠে জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের কাজের সময়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলে সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত গত বছরের ডিসেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর সম্প্রতি সামান্থার একটি পুরোনো সাক্ষাৎকারও নতুন করে আলোচনায় এসেছে। সেখানে রাজের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে সামান্থাকে আবেগাপ্লুত ও লজ্জা পেতে দেখা যায়। বার্তায় রাজ তার অভিনয় দক্ষতা, কর্মনিষ্ঠা এবং তামিল ও তেলুগু—দুই ইন্ডাস্ট্রিতেই সমান সাফল্যের প্রশংসা করেছিলেন।

উল্লেখ্য, সামান্থা ও রাজ সম্প্রতি আবারও একসঙ্গে কাজ করেছেন মা ইনতি বানগারাম ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ওহ! বেবি ছবিতেও নন্দিনী রেড্ডি ও সামান্থার সফল জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

ব্যক্তিগত জীবনে সামান্থা আগে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহিত ছিলেন। চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে নাগা চৈতন্য বিয়ে করেন শোভিতা ধুলিপালাকে।

যদিও অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে এখনো সামান্থা বা রাজের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবুও ভক্তদের মধ্যে আনন্দ ও কৌতূহল ইতোমধ্যেই তুঙ্গে পৌঁছেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ