Views Bangladesh Logo

বিতর্কিত রানআউটের পর মেজাজ হারিয়ে শাস্তি পেলেন সালমান আলি আগা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রানআউটের পর মেজাজ হারানোর কারণে শাস্তি পেয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আলি আগা। আউট হওয়ার পর রাগের বশে গ্লাভস ও হেলমেট মাঠে ছুড়ে মারায় তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে এবং শৃঙ্খলাভঙ্গের জন্য তার নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মেহেদী হাসান মিরাজের করা একটি বল সোজা বোলারের দিকে খেলেন মোহাম্মদ রিজওয়ান। মিরাজ পা দিয়ে বলটি থামান। এ সময় ক্রিজের বাইরে থাকা সালমান এবং মিরাজ দুজনেই বলটির দিকে এগিয়ে যান। তবে মিরাজ দ্রুত বলটি তুলে সরাসরি স্টাম্প ভেঙে দেন। তৃতীয় আম্পায়ার রিভিউ দেখে রানআউটের সিদ্ধান্ত নিশ্চিত করেন।

এই অস্বাভাবিকভাবে আউট হওয়ায় সালমান স্পষ্টতই বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে পড়েন। রাগের মাথায় তিনি নিজের হেলমেট ছুড়ে ফেলেন এবং অশালীন ভাষা ব্যবহার করেন। মাঠে এ সময় লিটন দাসের সঙ্গেও তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ড্রেসিংরুমে ফেরার সময় বাউন্ডারি লাইন পার হয়ে আবারও তিনি নিজের সরঞ্জাম মাটিতে ছুড়ে মারেন।

ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারের কারণে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ তাকে এই শাস্তি দেন। সালমান নিজের দোষ স্বীকার করায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরে শৃঙ্খলাভঙ্গের জন্য এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

উল্লেখ্য, শুক্রবারের ম্যাচে বাংলাদেশকে ১২৮ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ