চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন জানান, মামলা দায়েরের পর গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। একই মামলার অন্য আসামিরা আগেই জামিনে রয়েছেন।
চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) পক্ষে উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন। এতে পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
মামলার অন্য আসামিরা হলেন আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মণ্ডল, মো. লুৎফর রহমান, মাশকুরা খানম, মো. সাইফুর রহমান, আবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং এ এস এফ রহমান।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেড, স্ক্যাপ হোল্ডিং লিমিটেড, এসএফআর হোল্ডিং লিমিটেড, এএসআর হোল্ডিং লিমিটেড এবং বেক্সিমকো হোল্ডিং লিমিটেড।
মামলার অভিযোগে বলা হয়, ব্যাংকের বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক দেওয়া হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের হেড অফিস করপোরেট শাখায় জমা দিলে একই দিন ‘অপর্যাপ্ত তহবিল’ উল্লেখ করে তা ফেরত দেয় ব্যাংক।
পরে ২৬ নভেম্বর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ও ১৪০ ধারা অনুযায়ী নিবন্ধিত ডাকযোগে ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধের জন্য আইনি নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় আদালতে মামলাটি করা হয়।
মতামত দিন