Views Bangladesh Logo

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে বাদ দিয়ে কোম্পানিটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির কমিশন সভায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন পর্ষদ অনুমোদন করা হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, পুনর্গঠিত পর্ষদে সদস্য থাকছেন মোট ৯ জন। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক তিনজন—আহমেদ সোহেল ফসিহুর রহমান (এএসএফ রহমান), ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ।

এ ছাড়া পর্ষদে থাকছেন চারজন স্বতন্ত্র পরিচালক। শেয়ারধারী হিসেবে আইএফআইসি ব্যাংকের একজন প্রতিনিধি এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পর্ষদের সদস্য থাকবেন।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ইতিহাসে এবারই প্রথম ব্যবস্থাপনা পরিচালককে পরিচালনা পর্ষদের সদস্য করা হলো। পাশাপাশি স্বতন্ত্র পরিচালকের সংখ্যাগরিষ্ঠতা থাকায় নতুন পর্ষদে তাঁদের ভূমিকা আগের তুলনায় বাড়বে।

এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে বিএসইসিকে দেওয়া চিঠিতে জানানো হয়, সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন। তাঁর সম্মতির ভিত্তিতেই পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়।

কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসিও পর্ষদ পুনর্গঠনে সম্মতি দেয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার পুনর্গঠিত পর্ষদ অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ও সুনাম নিয়ে যে চাপ তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়ে সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন। তাঁর সম্পৃক্ততার কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনার সঙ্গে কোম্পানিটির বিদেশি বিনিয়োগকারীরাও একমত হয়েছেন।

নতুন পর্ষদ গঠনের ফলে কোম্পানিটির পরিচালনা কাঠামোয় বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে স্বতন্ত্র পরিচালকদের সংখ্যাগরিষ্ঠতা এবং ব্যবস্থাপনা পরিচালককে পর্ষদে অন্তর্ভুক্ত করার বিষয়টি নতুন কাঠামোর গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক ও ব্যবসায়িক নানা চাপের মধ্যেও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস মুনাফা ধরে রেখেছে।

কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ২২২ কোটি টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা।

নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর কোম্পানিটির পরিচালনা ও ব্যবসায়িক কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর থাকবে শেয়ারবাজার-সংশ্লিষ্টদের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ