Views Bangladesh Logo

নতুন পে-স্কেলে বদলে গেল বেতন কাঠামো, কোন গ্রেডে কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। নতুন স্কেলে উচ্চ গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন যেখানে ১০০ শতাংশ বাড়ানো হয়েছে, সেখানে নিম্ন গ্রেডগুলোতে বৃদ্ধির হার আরও বেশি। বিশেষ করে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। ফলে এ গ্রেডে বেতন বেড়েছে ১৪২ শতাংশ।

নতুন কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। ২য় গ্রেডে ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা এবং ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

৪র্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে মূল বেতন বেড়ে ১ লাখ টাকা হয়েছে। ৫ম গ্রেডে ৪৩ হাজার থেকে ৮৬ হাজার, ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার, ৭ম গ্রেডে ২৯ হাজার থেকে ৫৮ হাজার এবং ৮ম গ্রেডে ২৩ হাজার থেকে ৪৬ হাজার টাকা করা হয়েছে। ৯ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৪৪ হাজার টাকা।

এ ছাড়া ১০ম গ্রেডে ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা হয়েছে। অর্থাৎ ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন প্রায় বা পুরোপুরি দ্বিগুণ হয়েছে।

নিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার আরও বেশি। ১২তম গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা, ১৩তম গ্রেডে ১১ হাজার থেকে ২৪ হাজার এবং ১৪তম গ্রেডে ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা হয়েছে। এসব গ্রেডে বৃদ্ধির হার যথাক্রমে প্রায় ১১৫, ১১৮ ও ১৩০ শতাংশ।

১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা, ১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০, ১৭তম গ্রেডে ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০, ১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার এবং ১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা হয়েছে। এসব গ্রেডে বেতন বৃদ্ধির হার ১৩৫ থেকে ১৪১ শতাংশের মধ্যে।

সবচেয়ে বেশি হারে বেতন বেড়েছে ২০তম গ্রেডে। এ গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ১৪২ শতাংশ। ফলে নতুন বেতন কাঠামোয় উচ্চ গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক বেতন দ্বিগুণ হলেও নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ