ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন নিয়ে প্রশ্ন সালাহউদ্দিন আহমদের
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এমন নীতিগত সিদ্ধান্ত নেয়ার অধিকার এই অন্তর্বর্তী সরকারের নেই।
তিনি বলেন, 'এমন গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই চুক্তি করা ন্যায়সংগত হয়নি।'
তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস নিয়ে আমরাও উদ্বিগ্ন। বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতি তার চেয়ে অনেক খারাপ পরিস্থিতি গাজায়। প্যালেস্টাইনে, আরাকানে বিভিন্ন জায়গায় মুসলমানদের ওপর অনেক অত্যাচার হচ্ছে। সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভূমিকা দেখতে পাই না।’
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে ‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস খোলার সিদ্ধান্ত নেয়ার সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা করা দরকার ছিল। এখানে পার্বত্য চট্টগ্রাম ইস্যু আছে। সেখানে মানবাধিকারের দোহাই দিয়ে যদি দেশের অখণ্ডতা ক্ষুণ্ন হয়, সেটিও আমাদের চিন্তা করতে হবে।’
বৃহৎ রাজনৈতিক আলোচনার মাধ্যমে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মিশন স্থাপনের চুক্তি হলে বিতর্ক তৈরি হতো না উল্লেখ করে তিনি বলেন, তিন বছরের জন্য চুক্তিভিত্তিক যে অফিস স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে, তা রিভিউ করার একটা সময়সীমা আছে। সম্ভবত এক বছর বা দুই বছর পর তা রিভিউ হবে। তিন বছর পর সেটা রিনিউ করবে কি না, তা পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে।'
ঢাকায় জাতিসংঘের নতুন আবাসিক প্রতিনিধি নিয়োগ নিয়ে একটি ‘সাংঘাতিক’ খবর আছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, 'আমরা শুনতে পেয়েছি, বাংলাদেশে জাতিসংঘের বর্তমান আবাসিক প্রতিনিধির মেয়াদ শেষের দিকে। তার স্থলে যিনি আসবেন, তার ব্যাপারে আমরা কিছু আপত্তিকর কথা শুনেছি। হয়তো বাংলাদেশ সরকার তাকে অনুমতি দেয়ার আগে বিষয়টি বিবেচনায় নেবে।'
তবে তিনি এর বেশি খোলাসা করে বলতে চান না। কারণ, বিষয়টি স্পর্শকাতর। অন্তর্বর্তী সরকার জাতিসংঘের নতুন আবাসিক প্রতিনিধিকে অনুমোদন দেয়ার আগে যাতে তার বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়, সে আহ্বান জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে