স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি।
এর আগে সালাহউদ্দিন ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সময় যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সালাহউদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।
তিনি ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস (সহকারী একান্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। তিনি বিএনপির ষষ্ঠ কাউন্সিলে দলের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।
সংসদীয় এলাকা: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)।
সালাহউদ্দিন আহমেদের জীবনে রয়েছে এক চাঞ্চল্যকর অধ্যায়। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে তিনি হঠাৎ নিখোঁজ হন। এর প্রায় দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তার খোঁজ মেলে। ভারতীয় পুলিশ জানায়, তাকে উদভ্রান্তের মতো রাস্তায় ঘুরতে দেখা গেছে।
বৈধ নথিপত্র না থাকায় তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করে ভারতীয় পুলিশ। ২০১৮ সালে আদালত থেকে খালাস পেলেও দীর্ঘ আইনি জটিলতায় তাকে প্রায় ১০ বছর ভারতে অবস্থান করতে হয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট তিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে