Views Bangladesh Logo

তুরস্কে নতুন ক্লাবে যোগ দিয়েই আইনি বিপাকে সালাহ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইংলিশ ক্লাব ফুটবলকে বিদায় জানিয়ে তুর্কি ক্লাব ট্রেবজোনস্পোরে নতুন অধ্যায় শুরুর আগেই আইনি জটিলতায় পড়েছেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। পুরোনো এক আইনজীবীর পাওনা ও পেশাগত ফি-সংক্রান্ত মামলায় তাকে নিজ দেশ মিসরের আদালতে সশরীরে হাজির হয়ে শপথ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউ কায়রো ফার্স্ট ইনস্ট্যান্স কোর্টের সিভিল চেম্বার এক মামলার শুনানি শেষে আগামী ৬ সেপ্টেম্বর সালাহকে আদালতে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে সালাহের বিরুদ্ধে মামলাটি করেন তাঁর সাবেক আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোরসি আবদেল তাওয়াব। ওই আইনজীবীর অভিযোগ, দীর্ঘদিন সালাহের হয়ে বিভিন্ন আইনি, প্রশাসনিক ও পরামর্শমূলক কাজ করেছেন তিনি। এর বিপরীতে পেশাগত ফি ও অন্যান্য খরচ বাবদ সালাহর কাছে তাঁর বিপুল পরিমাণ অর্থ পাওনা রয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ২০১২ সালে সালাহ ওই আইনজীবীকে একটি পাওয়ার অব অ্যাটর্নি বা ওকালতনামা দিয়েছিলেন। প্রায় ১৩ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের আগস্টে সালাহ তাঁকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এরপর বকেয়া পাওনা পরিশোধ না করায় আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন দাবি করে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন ওই আইনজীবী।

তবে আইনজীবীর করা অভিযোগ ও তাঁর পাওনার দাবি পুরোপুরি অস্বীকার করেছেন সালাহ। এ কারণে আদালত তাকে ‘নির্ণায়ক শপথ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্যের সত্যতা শপথের মাধ্যমে নিশ্চিত করতে হয়।

সালাহকে আদালতে উপস্থিত হয়ে শপথ করে বলতে হবে, তিনি ওই আইনজীবীর কোনো পাওনা বকেয়া রাখেননি।

তবে নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে কিংবা উপযুক্ত আইনি কারণ ছাড়া শপথ নিতে অস্বীকৃতি জানালে সেটি তাঁর বিরুদ্ধে যেতে পারে। সেক্ষেত্রে আইন অনুযায়ী তিনি শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে বিবেচিত হতে পারেন এবং মামলার রায় আইনজীবীর পক্ষে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

আদালতের এই নির্দেশ এমন সময়ে এলো, যখন সালাহ তুর্কি সুপার লিগে নতুন ক্লাব ট্রেবজোনস্পোরের হয়ে নতুন মৌসুম শুরুর প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১৫ আগস্ট কাশিমপাশার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাবটির হয়ে তাঁর মাঠে নামার কথা রয়েছে।

আরও কৌতূহলের বিষয়, আগামী ৬ সেপ্টেম্বরই ট্রেবজোনস্পোরের জেনক্লারবিরলিগির বিপক্ষে ম্যাচ রয়েছে। একই দিনে মিসরের আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সালাহকে।

ফলে নতুন ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিনে সালাহকে মিসরের আদালতে হাজির হতে হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ