মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশবমোড় এলাকার বাড়িতে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাকিব আল হাসানের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাকিব আল হাসানের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করা হয়। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। এটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
পুলিশ জানিয়েছে, নিক্ষিপ্ত বস্তুর ধরন এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
প্রসঙ্গত, সাকিব আল হাসানের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট আদাবরে পোশাককর্মী রুবেল হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া শেয়ারবাজারে কারসাজি ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলাও হয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে আইএফআইসি ব্যাংকের ৪১ লাখ ৫০ হাজার টাকার দুটি চেক ডিজঅনার হওয়ায় চেক জালিয়াতি ও প্রতারণার মামলাও চলছে।
মতামত দিন