Views Bangladesh Logo

এক সপ্তাহ পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও সড়ক যোগাযোগে ঝুঁকির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র পুনরায় ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে।

তবে বর্ষাকালে পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, টানা বৃষ্টি, পাহাড়ধসের আশঙ্কা এবং সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত ৭ জুলাই জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। ফলে ওই সময় নতুন কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি।

বৈরী আবহাওয়া ও সড়ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছিলেন ৫৬১ জন পর্যটক। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ধাপে ধাপে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ