Views Bangladesh Logo

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। এতে সাজেকে অবস্থানরত সব পর্যটককে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরতে বলা হয়েছে। বন্ধের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে শুধু 'অনিবার্য কারণ'-এর কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। সাজেক-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড বসিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ফলে দুই দিক থেকে আসা পর্যটক ও যানবাহন পথেই আটকে পড়ে।

সাধারণত প্রতিদিন দুই দফায় সেনাবাহিনীর এসকর্টে খাগড়াছড়ি ও সাজেকের মধ্যে পর্যটকদের চলাচল করানো হয়। অবরোধের কারণে এদিন একবার এসকর্ট চালুর চেষ্টা করা হয়েছিল। কিন্তু খাগড়াছড়ি থেকে সাজেকগামী পর্যটকেরা বাঘাইহাটের গঙ্গারাম উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা তাঁদের আটকে দেন। একই সময়ে সাজেক থেকে বেরিয়ে আসা পর্যটকেরাও মাচালং এলাকায় আটকা পড়েন।

পরে প্রশাসনের সঙ্গে আলোচনা এবং তাদের আশ্বাসের পর বিকেল ৫টার দিকে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। এরপর সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় দুই পাশে আটকে থাকা পর্যটকেরা নিজ নিজ গন্তব্যের পথে রওনা হন।

অবরোধ উঠে গেলেও সাজেকের পর্যটন কার্যক্রম বন্ধ থাকছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই সেখানে থাকা পর্যটকদের এলাকা ত্যাগ করতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ