Views Bangladesh Logo

সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তিন দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের এ কর্মসূচি সোমবার (২৬ অক্টোবর) পঞ্চম দিনে গড়িয়েছে। অবরোধের কারণে সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

গত ২২ অক্টোবর থেকে শুরু হওয়া অবরোধে পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার সড়কের বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে পিকেটারদের দেখা না গেলেও পরিস্থিতির ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানিয়েছেন, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া, স্থানীয় পাহাড়ি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি চলছে। দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে, চলমান পরিস্থিতি নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। রোববার (২৫ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হেডম্যান ও কারবারিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে দাবিগুলো নিয়ে আলোচনা করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান এবং সাজেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে অবরোধ প্রত্যাহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ