Views Bangladesh Logo

নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটক ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। এ সময়ে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করতে পারবেন।

রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত চিঠিতে আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পর্যটক ভ্রমণের সুযোগ চালুর খবরে উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। পর্যটননির্ভর এ দ্বীপে পাঁচ মাস পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকায় আয়-রোজগার বাড়ার আশা করছেন তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, নভেম্বরের শুরু থেকে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচলের বিষয়ে একটি পরিপত্র পেয়েছেন তারা। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা।

সেন্টমার্টিনের বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, আমরা খুব খুশি। আগামী মাস থেকে দ্বীপবাসীর কর্মব্যস্ততা শুরু হবে। অনেকের আয়-রোজগারও বাড়বে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, এবার পাঁচ মাস পর্যটকদের জন্য দ্বীপ উন্মুক্ত থাকবে। এতে দ্বীপবাসীর কষ্ট অনেকটা দূর হবে। কারণ, এখানকার মানুষের জীবিকা মূলত পর্যটননির্ভর।

তিনি বলেন, গত দুই বছর পর্যটন ভ্রমণে কঠোর বিধিনিষেধ থাকায় দ্বীপের মানুষ অনেক কষ্টে দিন কাটিয়েছেন। এবার সরকার বিধিনিষেধ কিছুটা শিথিল করায় দ্বীপবাসীর পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানান তিনি।

পর্যটন মৌসুমে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যটন কার্যক্রম চালুর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ