Views Bangladesh Logo

জাহাজেই ঈদের জামাত ‘বাংলার জয়যাত্রা’ নাবিকদের

 VB  Desk

ভিবি ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা জাহাজেই ঈদের নামাজ আদায় করেছেন। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের জলসীমায় অবস্থানরত জাহাজটির নাবিকরা শুক্রবার বৈরী আবহাওয়ার কারণে ডেকে নামাজ পড়তে না পেরে জাহাজের ভেতরের প্যাসেজে জামাত করেন। সেখানে থাকা ৩১ জন নাবিকের মধ্যে ২৯ জন মুসলিম একসঙ্গে নামাজে অংশ নেন।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, সকালে বৃষ্টি থাকায় ডেকে নামাজ সম্ভব হয়নি। তাই ভেতরেই নামাজ আদায় করা হয় এবং ঈদ উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়। তিনি বলেন, এই অনিশ্চিত পরিস্থিতি থেকে দ্রুত মুক্তির জন্য সবাই মিলে দোয়া করেছেন। নাবিকদের তোলা ছবিতে দেখা যায়, ঈদের দিন অনেকেই পাঞ্জাবি পরে ডেক ও নিয়ন্ত্রণ কক্ষে ছবি তুলেছেন।

বর্তমানে ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় শারজাহ বন্দর থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করে আছে। যুদ্ধের কারণে সেখানে নিরাপত্তা ঝুঁকি থাকায় আরব আমিরাতের কোস্ট গার্ড জাহাজটির যাত্রা স্থগিত করে। ফলে গত নয় দিন ধরে জাহাজটি সমুদ্রে অবস্থান করছে এবং নাবিকরা আতঙ্কের মধ্যেই সময় পার করছেন।

এর আগে জাহাজটি কাতারের মেসাইদ বন্দর থেকে প্রায় ৩৮ হাজার ৮০০ মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছায়। তবে ইরানকে ঘিরে হামলার কারণে পণ্য খালাস বিলম্বিত হয়। এক পর্যায়ে জাহাজটির কাছাকাছি একটি তেল সংরক্ষণাগারে মিসাইল হামলার ঘটনাও ঘটে, যা নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায়।

পণ্য খালাস শেষে জাহাজটি মুম্বাইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। ফলে পরিকল্পনার বাইরে গিয়ে নাবিকদের এবার জাহাজেই ঈদ উদযাপন করতে হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ