হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফুদ্দিন
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসন্ন এশিয়ান গেমসের ক্রিকেট দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান এই পেস বোলিং অলরাউন্ডার। বিসিবি জানিয়েছে, এ কারণে এশিয়ান গেমস থেকে সাইফুদ্দিনের ছিটকে যাওয়ার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানানো হয়েছে। বিওএ-এর কাছ থেকে অনুমোদন পেলে বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করবে বিসিবি।
সাইফুদ্দিনের ছিটকে যাওয়া নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদউল ইসলাম খান বলেন, ‘১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় সাইফুদ্দিন তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। শারীরিক পরীক্ষা ও এমআরআই করার পর চোটের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন হবে।’
প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়বেন লিটন-শান্তরা। এরপর ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। যদিও কোয়ার্টার ফাইনালে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ কে হবে তা এখনো চূড়ান্ত হয়নি; জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্য থেকে যেকোনো একটি দল শেষ আটে বাংলাদেশের সঙ্গে লড়বে।
কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করতে পারলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে লড়বে বাংলাদেশ। যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে পাওয়া যেতে পারে শক্তিশালী শ্রীলঙ্কাকে।
মতামত দিন