প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টানা ৪ বলে ৬ মারলেন সাইফউদ্দিন
৫ বলে ৫ ছক্কা, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে এই দুঃস্বপ্নের অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। ডেভিড মিলার সেদিন তাঁর এক ওভারেই টানা পাঁচ বলে মেরেছিলেন পাঁচটি ছক্কা, যা এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো বোলারের টানা সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ড হয়ে আছে।
প্রায় নয় বছর পর সেই সাইফউদ্দিনই এবার লিখলেন উল্টো গল্প—ব্যাট হাতে গড়লেন বাংলাদেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে টানা সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্র্যাড ইভান্সের করা এক ওভারের টানা চার বলেই ছক্কা হাঁকান তিনি।
ম্যাচে অবশ্য শুরুটা সহজ ছিল না বাংলাদেশের। দুই ওপেনারের জুটিতে দলীয় সংগ্রহ একশ পেরোনোর পরপরই মাত্র ১৩ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা, দলীয় সংগ্রহ দেড় শ ছোঁবে কি না তা নিয়েই তৈরি হয় সংশয়। এমন পরিস্থিতিতে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন সাইফউদ্দিন, দলের রান নিয়ে যান তুলনামূলক স্বস্তিদায়ক জায়গায়। এই লড়াইয়েরই সবচেয়ে বড় মুহূর্ত আসে ইনিংসের শেষ ওভারে।
ইভান্সের ওভারের প্রথম বলটি ছিল নিচু ফুলটস, স্কয়ার লেগের ওপর দিয়ে সেটি ছক্কা মারেন সাইফউদ্দিন। পরের বলে মিডউইকেটের ওপর দিয়ে বল সীমানাছাড়া করেন তিনি। কিছুটা শর্ট লেংথের তৃতীয় বলটি যায় ফাইন লেগের ওপর দিয়ে, আর চতুর্থ বলেও আবার মিডউইকেট দিয়েই বল পাঠান গ্যালারিতে। শেষ পর্যন্ত ১০ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেন সাইফউদ্দিন, যার সৌজন্যে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানেরই টি-টোয়েন্টিতে এর আগে টানা চার বলে ছক্কা মারার নজির ছিল না, ফলে এককভাবে এই কীর্তির মালিক এখন সাইফউদ্দিনই।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য টানা ছয় বলে ছয় ছক্কারও নজির আছে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে টানা ছয় বলে ছয় ছক্কা মেরে প্রথম এই কীর্তি গড়েছিলেন ভারতের যুবরাজ সিং। ২০২১ সালে অ্যান্টিগায় শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়াকে ছক্কার বন্যায় ভাসিয়ে একই কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। সবশেষ ২০২৪ সালে ওমানে কাতারের বিপক্ষে কামরান খানের ওভারে ছয় ছক্কা মেরে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম লেখান নেপালের দীপেন্দ্র সিং ঐরী। এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষেও টানা ছয় ছক্কা মেরেছিলেন ঐরী, তবে সেবার তা এক ওভারে নয়, ছড়িয়ে ছিল দুটি ওভারে—তাই সেটি আনুষ্ঠানিক রেকর্ডের তালিকায় গণ্য হয় না।
মতামত দিন