নিজ বাড়িতেই ডাকাতদের ছুরিকাঘাতে আহত সাইফ আলি খান
মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতেই ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বান্দ্রা ডিভিশনের ডিসিপি।
তিনি হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এটা সত্যি। রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সাইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি। তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি অন্য কোনোভাবে আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোররাতে বান্দ্রায় অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বাড়িতে এ ঘটনা ঘটে। যখন ডাকাতির চেষ্টা করা হয় তখন সাইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। টের পেয়ে ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাত করে তারা। এতে গুরুতর জখম হন এই অভিনেতা। পরে তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লীলাবতী হাসপাতালের চিকিৎসক বলেন, ‘ছুরিকাঘাতের পর রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করছি। অস্ত্রোপচারের পরই ক্ষতির পরিমাণ জানা যাবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে