চলতি বিশ্বকাপের দ্রুততম গোলে এগিয়ে মরক্কো, বিরতিতে চাপে স্কটল্যান্ড
গ্রুপ ‘সি’-র গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে মরক্কো। ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মাথায় ইসমায়েল সাইবারির করা গোলেই ব্যবধান গড়ে দেয় উত্তর আফ্রিকার দলটি।
ম্যাচের শুরুতেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নেয় মরক্কো। গ্র্যান্ট হ্যানলির ভুল পাস থেকে বলের দখল নেয় তারা। এরপর ব্রাহিম দিয়াজের বাড়ানো বল থেকে জালে বল পাঠান সাইবারি। গোলটি নিয়ে অফসাইডের সম্ভাবনা খতিয়ে দেখতে ভিএআর পরীক্ষা করা হলেও শেষ পর্যন্ত গোল বহাল থাকে।
এই গোলের মাধ্যমে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোল করেন সাইবারি। এর আগে ব্রাজিলের বিপক্ষেও মরক্কোর একমাত্র গোলটি করেছিলেন তিনি। পাশাপাশি বিশ্বকাপে টানা দুই ম্যাচে গোল করা প্রথম মরক্কান ফুটবলার হিসেবেও নাম লেখান ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার।
প্রথম গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে মরক্কো। প্রথমার্ধে বলের দখলে তাদের আধিপত্য ছিল প্রায় ৭৮ শতাংশ। ওয়ালিদ রেগরাগুইর দল ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে গেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি।
আজেদিন ওনাহির একটি দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে দ্বিতীয় গোলের সুযোগ হাতছাড়া হয় মরক্কোর। অন্যদিকে স্কটল্যান্ড আক্রমণে খুব একটা কার্যকর হতে পারেনি। কিয়েরান টিয়ার্নির একটি বিপজ্জনক ক্রস ছাড়া উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় স্টিভ ক্লার্কের শিষ্যরা।
ম্যাচের আগে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ছিল স্কটল্যান্ড। প্রথম ম্যাচে হাইতিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছিল তারা। অন্যদিকে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে মরক্কো।
প্রথমার্ধের পারফরম্যান্সে এগিয়ে থাকা মরক্কো এখন গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের খুব কাছাকাছি। অন্যদিকে নকআউট পর্বের পথে নিজেদের অবস্থান শক্ত করতে হলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই স্কটল্যান্ডের।
মতামত দিন