চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হলেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। ২০২৪ সালের নভেম্বর থেকে মেয়রের দায়িত্ব পালন করে আসা শাহাদাতকে প্রশাসক নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
আদেশে বলা হয়েছে, সংশোধিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী ডা. শাহাদাত হোসেন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন তিনি।
২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট।
ওই বছরের ১১ ফেব্রুয়ারি মেয়র হিসেবে শপথ নেন রেজাউল করিম চৌধুরী। সিটি করপোরেশনের প্রথম সভা হয় ২৩ ফেব্রুয়ারি।
নির্বাচনের ২৭ দিন পর ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিলের দাবিতে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন শাহাদাত হোসেন।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১ অক্টোবর ওই মামলার রায়ে শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেন চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন। পরে একই বছরের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির তৎকালীন আহ্বায়ক শাহাদাত।
আইন অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়াদ গণনা করা হয় প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর। সর্বশেষ নির্বাচনের তারিখ বিবেচনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ গত মে মাসে শেষ হয়। এ কারণে শাহাদাতের মেয়র পদে বহাল থাকা নিয়ে আলোচনা তৈরি হয়েছিল।
গত ১৬ ফেব্রুয়ারি শাহাদাত বলেছিলেন, মেয়র হিসেবে তাঁর মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। এ বিষয়ে কারও আপত্তি থাকলে হাই কোর্টে যাওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি।
শাহাদাত তখন বলেছিলেন, আমি যেদিন শপথ নিয়েছি, সেদিন থেকে ৫ বছর পর্যন্ত আমার মেয়াদ। সেটা আমি মন্ত্রণালয়ে জানিয়েছিলাম। এরপর মন্ত্রণালয় থেকে আর কিছু বলেনি।
এর প্রায় আট মাস পর তাঁকেই চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দিল সরকার।
দেশে বর্তমানে ১৩টি সিটি করপোরেশন রয়েছে। চট্টগ্রাম ছাড়া বাকি সিটি করপোরেশনগুলোতে সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে। চলতি বছরের মে মাসে প্রতিষ্ঠিত বগুড়া সিটি করপোরেশনেও বিএনপির এক নেতা প্রশাসকের দায়িত্বে রয়েছেন। সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
মতামত দিন