Views Bangladesh Logo

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা পড়েনি, তারিখ পেছাল ১২৯ বার

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজও জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফলে বহুল আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বারের মতো পেছাল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পিবিআই প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত আগামী ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।

ঘটনার পর রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। শুরুতে থানা-পুলিশ মামলাটির তদন্ত করে। পরে তদন্তভার যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। এরপর র‍্যাব তদন্তের দায়িত্ব নেয়।

দীর্ঘ সময়েও মামলার তদন্তে অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়। ঘটনার এক যুগ পর পিবিআই মামলাটির তদন্তভার পায়। গত বছরের নভেম্বরে র‍্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নেয় সংস্থাটি।

এরপরও তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়েনি। সর্বশেষ আজ প্রতিবেদন দাখিল না হওয়ায় নতুন করে ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

ফলে ২০১২ সালের এই আলোচিত সাংবাদিক দম্পতি হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া শুরুর অপেক্ষাও আরও দীর্ঘ হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ