২৩ বছর পর পাকিস্তানে সাফ গেমস, খেলতে রাজি ভারত
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা শেষে অবশেষে পাকিস্তানে ফিরতে যাচ্ছে দক্ষিণ এশীয় ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আয়োজন ‘সাউথ এশিয়ান (সাফ) গেমস’। ২০২৭ সালের ৪ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ এপ্রিল পর্যন্ত চলবে মেগা এই আঞ্চলিক প্রতিযোগিতাটি।
পাকিস্তানের তিনটি ভিন্ন শহরে ২৮টি ইভেন্টে অনুষ্ঠিত হবে এবারের আসর। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক উচ্চপর্যায়ের বৈঠকে আসন্ন ২০২৭ সালের সাউথ এশিয়ান ফেডারেশন গেমসে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে ভারত।
এই বিষয়ে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সাধারণ সম্পাদক খালিদ মেহমুদ জানান, ‘ভারত নীতিগতভাবে অংশগ্রহণে সম্মতি জানিয়েছে এবং তাদের খেলোয়াড় ও কর্মকর্তা দলের বিস্তারিত তথ্য ২০২৭ সালের জানুয়ারিতে প্রদান করবে।’
এর আগে সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে নবম সাফ গেমসের স্বাগতিক ছিল পাকিস্তান। দীর্ঘ দুই দশক পর এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার সফল ও নিরাপদ আয়োজনের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রস্তুতি মূলক পদক্ষেপে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার।
মতামত দিন