‘স্পাইডার-ম্যান’র রহস্যময় জিন গ্রে, কে এই স্যাডি সিঙ্ক?
বিশ্বজুড়ে বক্স অফিস ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটিতে মাকড়শা-মানবের নতুন প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছে ‘জিন গ্রে’ চরিত্রটি। কখনো পিটার পার্কারের সঙ্গে তার রোমান্টিক রসায়ন, আবার কখনো এমজের সঙ্গে পিটারের সম্পর্কের মাঝে তার উপস্থিতি—সব মিলিয়ে চরিত্রটি দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল। আর এই আলোচনার কেন্দ্রে থাকা জিন গ্রে চরিত্রে অভিনয় করেছেন ২৪ বছর বয়সী মার্কিন অভিনেত্রী স্যাডি সিঙ্ক।
হলিউডে স্যাডি সিঙ্ক অবশ্য নতুন কেউ নন। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ সাহসী কিশোরী ম্যাক্স মেফিল্ড চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। এরপর ‘দ্য হোয়েল’ সিনেমায় আবেগঘন অভিনয় দিয়ে প্রশংসা কুড়ান। তবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ যেন তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।
ছোটবেলা থেকেই অভিনয়ে
২০০২ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্ম স্যাডি সিঙ্কের। মাত্র সাত বছর বয়সে স্থানীয় থিয়েটারে অভিনয়ের মধ্য দিয়ে তার মঞ্চজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে ২০১২ সালে ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল ‘অ্যানি’-তে প্রধান চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি। এরপর ২০১৫ সালে ‘দ্য অডিয়েন্স’ নাটকে তরুণী দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অভিনয় করেন কিংবদন্তি অভিনেত্রী হেলেন মিরেনের সঙ্গে।
মঞ্চের সাফল্যের পর বড় পর্দা ও টেলিভিশনে নিজের জায়গা তৈরি করেন স্যাডি। ২০১৭ সালে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর দ্বিতীয় মৌসুমে ম্যাক্স মেফিল্ড চরিত্রে যোগ দেন তিনি। বিশেষ করে সিরিজটির চতুর্থ মৌসুমে তার আবেগঘন অভিনয় ব্যাপক প্রশংসা পায়। স্কেটবোর্ডে ছুটে চলা ম্যাক্সের চরিত্রে স্যাডির অভিনয় দর্শকদের কাছে অন্যতম স্মরণীয় হয়ে ওঠে।
এরপর জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফটের ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’-এ অভিনয় করেও আলোচনায় আসেন স্যাডি। ২০২২ সালে ব্রেন্ডন ফ্রেজারের সঙ্গে ‘দ্য হোয়েল’ সিনেমায় অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের মনোনয়ন পান। সম্প্রতি ব্রডওয়ের ‘জন প্রক্টর ইজ দ্য ভিলেন’ নাটকে অভিনয়ের জন্য টনি অ্যাওয়ার্ডের মনোনয়নও পেয়েছেন তিনি।
রহস্যে ঘেরা ‘স্পাইডার-ম্যান’ যাত্রা
মার্ভেলের ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজিতে স্যাডি সিঙ্কের যুক্ত হওয়ার বিষয়টিও ছিল বেশ রহস্যে ঘেরা। ২০২৫ সালের মার্চে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, টম হল্যান্ড অভিনীত নতুন ‘স্পাইডার-ম্যান’ সিনেমায় স্যাডি যোগ দিচ্ছেন। তখন থেকেই ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়, তিনি কোন চরিত্রে অভিনয় করবেন।
মজার বিষয় হলো, স্যাডি নিজেই অনলাইনে ছড়িয়ে পড়া গুঞ্জন দেখে বিষয়টি জানতে পারেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, কাস্টিংয়ের আগেই ইন্টারনেটে খবর ছড়িয়ে পড়েছিল যে তিনি নতুন ‘স্পাইডার-ম্যান’ সিনেমায় অভিনয় করছেন। অথচ তখনো মার্ভেল থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এর মাত্র দুই দিন পরই মার্ভেল থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়।
সিনেমাটির মূল গল্প ও নিজের চরিত্রের পরিচয় এক বছরেরও বেশি সময় ধরে গোপন রাখতে হয়েছে স্যাডিকে। এমনকি ট্রেলারেও তাকে রহস্যময় এক চরিত্র হিসেবে দেখানো হয়। পরে সিনেমার প্রচারের সময় ধীরে ধীরে প্রকাশ পায়, তিনি জিন গ্রে চরিত্রে অভিনয় করেছেন।
সাধারণ খলনায়ক নয় জিন গ্রে
মার্ভেলের কঠোর গোপনীয়তার কারণে চরিত্রটির আসল পরিচয় আড়াল করতে শুটিংয়ের সময় ভুয়া নাম ব্যবহার করা হয়েছিল। স্যাডি জানান, লন্ডনে শুটিংয়ে যাওয়ার পরও তিনি পুরো চিত্রনাট্য হাতে পাননি। পরে মার্ভেল স্টুডিওসের কর্মকর্তারা তাকে চরিত্রটির গভীরতা ও গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
স্যাডির ভাষ্য অনুযায়ী, জিন গ্রে কোনো প্রচলিত অর্থে খলনায়ক নয়। বরং সে একজন ক্ষুব্ধ ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত তরুণী। তার নেতিবাচক আচরণের পেছনে রয়েছে গভীর কষ্ট ও বেদনা। পরিচালকও তাকে স্রেফ একজন খলনায়ক হিসেবে নয়, বরং মানসিকভাবে ভেঙে পড়া একজন তরুণী হিসেবে চরিত্রটি ফুটিয়ে তুলতে নির্দেশনা দিয়েছেন।
চরিত্রটি নিয়ে রহস্য আরও বাড়ে সিনেমার বিশ্ব প্রিমিয়ারে। লস অ্যাঞ্জেলেসের লাল গালিচায় সংগীতশিল্পী স্টিভ লেসি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অসাবধানতাবশত জিন গ্রে চরিত্রের নাম প্রকাশ করে ফেলেন। এতে দীর্ঘদিনের গোপনীয়তার পর দর্শকদের সামনে স্যাডির চরিত্রের পরিচয় অনেকটাই স্পষ্ট হয়ে যায়।
সামনে আরও বড় পরিসরে
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর পর জিন গ্রে চরিত্রটি মার্ভেলের ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজিতেও দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে। হলিউডে গুঞ্জন আছে, সেখানে স্কট সামার্স বা ‘সাইক্লপস’ চরিত্রে কিট কনর এবং ‘এমা ফ্রস্ট’ চরিত্রে সামারা উইভিংকে দেখা যেতে পারে। তবে স্যাডি সিঙ্কের সঙ্গে মার্ভেলের চুক্তি কতটি সিনেমার জন্য, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মাত্র ২৪ বছর বয়সেই ব্রডওয়ে, টেলিভিশন ও সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন স্যাডি সিঙ্ক। ‘স্ট্রেঞ্জার থিংস’ তাকে পরিচিতি দিয়েছিল, ‘দ্য হোয়েল’ তাকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর ‘স্পাইডার-ম্যান’-এর জিন গ্রে চরিত্রটি তাকে নিয়ে এসেছে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার কেন্দ্রে। সামনে মার্ভেলের জগতে তার পথচলা কতটা দীর্ঘ হয়, এখন সেটিই দেখার বিষয়।
মতামত দিন