ওসিকে হুমকি দেওয়া সেই বৈছাআ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও
‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—পুলিশকে এমন হুমকি দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানকে ছাড়াতে হবিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন একদল তরুণ।
শনিবার (৩ জানুয়ারি) মাহদীকে আটকের পর হবিগঞ্জ সদর থানা ঘেরাও করেন তারা। এ সময় থানার প্রধান ফটক বন্ধ থাকায় তারা গেটের বাইরে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে স্লোগান ও উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। মাহদীকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবিতে স্লোগান দিতে দেখা গেছে তাদের।
এই ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে পরিস্থিতি কিছু সময়ের জন্য উতপ্ত হয়ে ওঠে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানকে আটক করে ডিবি পুলিশ। শনিবার সন্ধায় তাকে শহরের শায়েস্তানগর এলাকায় একটি বাসা থেকে তাকে আটক করে মাইক্রোবাসে দিয়ে হবিগঞ্জ থানায় নিয়ে যায় বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানিয়েছিলেন।
পরে সন্ধ্যার তাকে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হবিগঞ্জ পুলিশ সুপার ইয়াসমিন আক্তার। কী কারণে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
বিতর্কের মুখে মাহদী হাসানকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয় সংগঠনটি। সেই সঙ্গে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। এই ঘটনায় সর্বশেষ মাহদী হাসানকে আটকের খবর জানায় পুলিশ।
মতামত দিন