Views Bangladesh Logo

সিলেটে ৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে: সিসিক প্রশাসক

আসন্ন ঈদুল আজহায় পশু জবাইয়ের পর ৮ ঘণ্টার মধ্যে সিলেট নগরীর সব কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সোমবার (১৮ মে) বিকেলে নগর ভবনের সভাকক্ষে ওয়ার্ড পর্যায়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিসিক প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছেন। তবে সিলেট সিটি করপোরেশন প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছে যে, সিলেটে এই কাজ আরও কম সময়ে, মাত্র ৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা বা অপারগতার সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।

নগরবাসীর সহযোগিতা কামনা করে প্রশাসক বলেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে এত বিশাল পরিমাণ বর্জ্য অপসারণ করা কঠিন। তিনি সবাইকে বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে বা ব্যাগে জমিয়ে রাখার অনুরোধ জানান, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা সহজে তা সংগ্রহ করতে পারেন।

কাজে গতিশীলতা আনতে বিশেষ পুরস্কারের ঘোষণাও দেন প্রশাসক। যেসব ওয়ার্ডে সবচেয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণ সম্পন্ন হবে, সেই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের সিসিকের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে তিনি জানান।

সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সিলেট সিটি করপোরেশন অতীতেও সফলভাবে ও দ্রুততম সময়ে এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। মাঠপর্যায়ের প্রত্যেকে শতভাগ নিষ্ঠার সঙ্গে কাজ করলে এবারও নির্ধারিত সময়ের আগেই শতভাগ সফলতা অর্জন সম্ভব হবে।

সভায় সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ এবং বিভিন্ন ওয়ার্ডের সচিবসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ