রাজধানীতে রাতের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ
ঈদ-উল আযহার প্রথমদিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। সব মিলিয়ে রাজধানীজুড়ে ৫০ হাজার টন বর্জ্য শনিবার (৭ জুন) রাতের মধ্যেই অপসারণে তৎপর পরিচ্ছন্নকর্মীরা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছেন, তাদের কর্মীরা ৩০ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্যে সকাল থেকেই কাজ করছেন। অন্যদিকে ২০ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এর মধ্যে ঈদের দিনই কোরবানির বর্জ্যের প্রায় ৮০ শতাংশ অপসারণ করা হবে। বাকিটাও সম্পন্ন হবে পরের দুদিনের মধ্যে।
দুপুর দুইটার দিকে আগারগাঁওয়ে উত্তর সিটির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও বলেন, ‘দুই সিটি কর্পোরেশন নির্ধারিত ১২ ঘণ্টা বা রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ শেষ হবে। আশা করছি, পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমে নগরবাসীকে সুন্দর পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব'।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের বলেন, পরিচ্ছন্নকর্মীদের জন্য দুই সিটি কর্পোরেশন বিশেষ খাবার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেছে।
ডিএনসিসি সূত্র জানায়, কোরবানির বর্জ্য অপসারণ ও পরিষ্কারের কাজে এ বছর ঢাকা উত্তর সিটিতে ১০ হাজার ৪৩১ জন পরিচ্ছন্নকর্মী কাজ করছেন। সব বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে (স্থায়ী বর্জ্য অপসারণ কেন্দ্র) নিতে ৮৫০টির মতো যানযন্ত্রসহ অন্যান্য যানবাহন ব্যবহার করা হচ্ছে।
উত্তরের এলাকাগুলোর অলি-গলি ও বাসা-বাড়ি থেকে পিক-আপ বা ভ্যানে করে কোরবানির বর্জ্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস কিংবা নির্ধারিত স্থানে এনে জমা রাখা হচ্ছে। এর মধ্যে আগারগাঁওয়ে সংগৃহীত বর্জ্য অস্থায়ীভাবে রাখা হচ্ছে বিজ্ঞান জাদুঘর সংলগ্ন সড়কে।
পরে সেগুলো পে-লোডার, ডাম্প ট্রাক, কনটেইনার ক্যারিয়ার ও কম্পেক্টরে আমিনবাজার ল্যান্ডফিলে নিয়ে যাচ্ছেন নগরকর্তা ও কর্মীরা।
অন্যদিকে একই প্রক্রিয়ায় দক্ষিণ সিটির বর্জ্য সংগ্রহ করে অপসারিত হচ্ছে ডেমরা ল্যান্ডফিলে। এজন্য কোরবানির আগেই দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে এক লাখ ৪০ হাজার বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার ও ২২২ গ্যালন স্যাভলন বিতরণ করা হয়েছে। আর সকাল থেকেই ২০৭টি ডাম্প ট্রাক ও ২০০টি মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি নিয়ে বর্জ্য অপসারণের কাজ করছেন প্রায় ১০ হাজার পরিচ্ছন্নকর্মী। ঈদের জামাত, কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান ডিএসসিসির প্রশাসক।
কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় আগামী সোমবার (৯ জুন) পর্যন্ত দুই সিটিরই নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্রে নিয়ন্ত্রণ কক্ষ সক্রিয় থাকবে।আগামী দুদিনও নির্ধারিত ও নিরাপদ স্থানে কোরবানি দিতে এবং বর্জ্য যত্রতত্র না ফেলে সহযোগিতা করতেও নগরবাসীকে অনুরোধ জানিয়েছে সংস্থা দুটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে