ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে টম হল্যান্ডের সঙ্গে সাবরিনা ও কোয়ালি
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকে যুক্ত হয়েছেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। সিনেমাটিতে ফ্রেড অ্যাস্টেয়ারের দীর্ঘদিনের পর্দার নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে অভিনয় করবেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে ফ্রেড অ্যাস্টেয়ারের ভূমিকায় থাকছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম হল্যান্ড। অ্যাডেল অ্যাস্টেয়ারের চরিত্রে অভিনয় করবেন মার্গারেট কোয়ালি।
হলিউডের ইতিহাসে ফ্রেড অ্যাস্টেয়ার ও জিঞ্জার রজার্সের জুটি রুপালি পর্দায় নাচের ধারায় বড় পরিবর্তন এনেছিল। ১৯৩৩ সালে ‘ফ্লাইং ডাউন টু রিও’ সিনেমার মাধ্যমে তাঁদের পর্দার জুটি গড়ে ওঠে। ১৯৩৩ থেকে ১৯৩৯ সালের মধ্যে তাঁরা একসঙ্গে নয়টি সিনেমায় অভিনয় করেন। পরে ১৯৪৯ সালে ‘দ্য বার্কলেস অব ব্রডওয়ে’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় ফেরেন তাঁরা।
কৈশোরে ডিজনি চ্যানেলের বিভিন্ন সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান সাবরিনা কার্পেন্টার। পরে নেটফ্লিক্সের কয়েকটি সিনেমায় অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তাঁর গান ও মিউজিক ভিডিওতে পুরোনো হলিউডের গ্ল্যামার ও রেট্রো ধাঁচের উপস্থিতি দেখা যায়।
অন্যদিকে এই সিনেমার মাধ্যমে নৃত্যে নিজের শুরুর দিনগুলোর কাছে ফিরছেন টম হল্যান্ড। নৃত্যশিল্পী হিসেবেই তাঁর অভিনয়জীবনের শুরু। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত লন্ডনের ভিক্টোরিয়া প্যালেস থিয়েটারে ‘বিলি এলিয়ট’ মঞ্চনাটকের নামভূমিকায় অভিনয় করেন তিনি। সেখানে তাঁর নৃত্য পরিবেশনা প্রশংসিত হয়। পরে বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান তিনি।
বায়োপিকের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র অ্যাডেল অ্যাস্টেয়ার। তিনি ছিলেন ফ্রেড অ্যাস্টেয়ারের বড় বোন এবং ক্যারিয়ারের শুরুর দিকের নৃত্যসঙ্গী। চরিত্রটিতে অভিনয় করবেন মার্গারেট কোয়ালি।
সিনেমাটি পরিচালনা করছেন ‘প্যাডিংটন’ ও ‘ওয়াঙ্কা’খ্যাত ব্রিটিশ নির্মাতা পল কিং। তিনি বলেন, রুপালি পর্দায় নাচকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ফ্রেড অ্যাস্টেয়ার। বিশেষ করে জিঞ্জার রজার্সের সঙ্গে তাঁর কাজগুলো ছিল স্মরণীয়। তবে অ্যাডেলের কোনো ভিডিও সংরক্ষিত না থাকায় তাঁর ইতিহাস অনেকটাই হারিয়ে গেছে। তাঁর ভাষ্য, বিংশ শতাব্দীর এই তিন কিংবদন্তিকে পর্দায় তুলে ধরার চ্যালেঞ্জ টম হল্যান্ড, মার্গারেট কোয়ালি ও সাবরিনা কার্পেন্টারকে ছাড়া কল্পনা করা কঠিন।
প্রায় পাঁচ বছর আগে ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিক নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। এবার টম হল্যান্ড, সাবরিনা কার্পেন্টার ও মার্গারেট কোয়ালিকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।
মতামত দিন