অস্ট্রেলিয়া সফরের এইচপি দলে সাব্বির-শামীম, অধিনায়ক ইরফান
জাতীয় দলে ফেরার সুযোগের অপেক্ষায় থাকা সাব্বির রহমান ও শামীম হোসেনকে নিয়ে অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠেয় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে ১৫ সদস্যের বাংলাদেশ দল। দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুর।
মালয়েশিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাব্বির রহমান প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। তবে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। অন্যদিকে শামীম হোসেনও এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে আবার জাতীয় দলের দরজা খোলার সুযোগ পাচ্ছেন।
সাম্প্রতিক ধারাবাহিকতায় সম্ভাবনাময় তরুণদের পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই এইচপি দল সাজানো হয়েছে। ২০১৮ সালের পর জাতীয় দলে সুযোগ না পাওয়া পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনিও দলে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট খেলা আরও কয়েকজন ক্রিকেটার হলেন আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি।
সাকলাইন সবশেষ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ছিলেন। রিপন মন্ডল খেলেছেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে। আর ২০২৩ সালে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা মৃত্যুঞ্জয় নিয়মিতই এইচপি ও ইমার্জিং দলের সঙ্গে আছেন।
বর্তমানে ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা আগ্রাসী ওপেনার হাবিবুর রহমান সোহানও অস্ট্রেলিয়া সফরে থাকছেন। লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড রয়েছে তার। তবে মালয়েশিয়ার বিপক্ষে ঝড়ো শুরু করেও ইনিংস বড় করতে না পারা জাওয়াদ আবরার এই দলে জায়গা পাননি।
মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচে দারুণ বোলিং করে নজর কাড়া রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল এবার আরও কঠিন পরীক্ষার সামনে পড়বেন। বিসিবির অধীনে থাকা কোনো দলে এবারই প্রথম সুযোগ পাওয়া এই স্পিনারের সঙ্গে রয়েছেন এইচপি দলের নিয়মিত মুখ রকিবুল হাসান। স্পিনিং অলরাউন্ডার এস এম মেহেরব হাসান ও সামিউন বশির রাতুলও দলে আছেন।
পেস আক্রমণে অভিজ্ঞদের সঙ্গে রাখা হয়েছে তরুণ রোহনাত দৌলা বর্ষণকে। ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি।
মালয়েশিয়ার বিপক্ষে সিরিজের দল থেকে অস্ট্রেলিয়া সফরে বাদ পড়েছেন জাওয়াদ আবরার, স্বাধীন ইসলাম, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন। তাদের মধ্যে প্রিতম কুমার আবার ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় চার দিনের ম্যাচের সিরিজ খেলতে যাবেন।
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি অঞ্চলকে ‘টপ এন্ড’ বলা হয়। সেখানকার রাজধানী ডারউইনে আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসরটি হবে পঞ্চম। বাংলাদেশ এইচপি দল টানা তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এবারের আসরে মোট নয়টি দল খেলবে।
আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ এইচপি দল। ২২ আগস্ট নেপাল জাতীয় দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টুর্নামেন্ট অভিযান।
বাংলাদেশ এইচপি স্কোয়াড
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহনাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি।
মতামত দিন