প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন সাদের অনুসারীরা
তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাবেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
স্মারকলিপিতে তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্দলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।
সাদের অনুসারীরা বলেন, গত সাত বছর ধরে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতি আমাদের জন্য অগ্রহণযোগ্য। বৈষম্যের অবসান ঘটিয়ে তাকে এ বছরের ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দিতে হবে।
এর আগে সাপ্তাহিক মাশওয়ারা শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার উদ্দেশ্যে মাওলানা সাদের অনুসারীরা মিন্টু রোডে প্রবেশের চেষ্টা করেন। তবে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কয়েকশ মুসল্লি মসজিদের সামনের সড়কে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে প্রেস সচিব তাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিয়ে যান।
স্মারকলিপি জমা দেওয়ার পর সাদপন্থীরা অবস্থান কর্মসূচি শেষ করে কাকরাইল মসজিদে ফিরে যান। তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাবলিগ জামাতের সাদপন্থীরা।
২০১৮ সাল থেকে ভারতের আলেম মাওলানা সাদ কান্দলভি বাংলাদেশে প্রবেশের অনুমতি পাননি। তার কিছু বক্তব্য নিয়ে তাবলিগ জামাতের একটি অংশের মধ্যে বিতর্ক ও বিভাজন দেখা রয়েছে। এই বিভক্তির জেরে তাকে ইজতেমায় আনার বিষয়টি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়ে গেছে।
গত কয়েক বছরের ধারাবাহিকতা ধরে রেখে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।
আগামী বছর যথারীতি ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নিবেন ‘জুবায়েরপন্থিরা’ এবং দ্বিতীয় পর্বে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অংশ নিবেন ‘সাদপন্থিরা’।
তাবলিগ জামাতের দুই পক্ষ দিল্লির মাওলানা সাদ কান্ধলভি এবং বাংলাদেশের কাকরাইল মারকাজের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের বিরোধের শুরু ২০১৯ সালে।
আগে এক মঞ্চ থেকে একবারই বিশ্ব ইজতেমা হলেও মতভেদের কারণে দুই পক্ষ বিশ্ব ইজতেমা দুইবারে করার সিদ্ধান্ত নেয়। মাঝে কোভিড মহামারীর কারণে ইজতেমা দুই বছর বন্ধ থাকে। ২০২২ সাল থেকে ফের ইজতেমা হচ্ছে দুই পর্বে।
সম্প্রতি তাবলিগ জামাতের দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে তাদের মধ্যে চলমান বিবাদ নতুন রূপ পায়।
এমন উত্তেজনার মধ্যেই দুই পক্ষের ‘সমঝোতার ভিত্তিতে’ গত ১৫ নভেম্বর ঢাকার কাকরাইল মসজিদে সাদপন্থিদের ব্যাপক জমায়েত দেখা যায়।
‘চার সপ্তাহ থাকবেন জুবায়েরপন্থিরা আর দুই সপ্তাহ থাকবেন সাদপন্থিরা’ এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে সেদিন কাকরাইল মসজিদে দুই সপ্তাহের অবস্থান শুরু করেন সাদপন্থিরা।
এরমধ্যে ইজতেমার দুই পর্বে তাবলিগের দুই পক্ষ অংশ নেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আভাসের মধ্যে মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবার মাঠে নামলেন তার অনুসারীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে