Views Bangladesh Logo

শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দিয়ে চট্টগ্রামে এস আলমের সব কারখানা বন্ধ ঘোষণা

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার শ্রমিকদের ছাঁটাইয়ের নোটিশ দেওয়ার পর শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে থাকা গ্রুপটির অন্যান্য কারখানাতেও শ্রমিক ছাঁটাই করা হয়েছে বলে জানা গেছে।

বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, চেমন স্টিল, গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট এবং এস আলম ভেজিটেবল অয়েলসহ গ্রুপটির একাধিক শিল্পপ্রতিষ্ঠান।

শ্রমিকদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে কারখানার নোটিশ বোর্ডে ছাঁটাইয়ের তালিকা টানিয়ে দেওয়া হয়। এরপর সব প্রতিষ্ঠানের শ্রমিকদের চাকরি থেকে অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। আকস্মিক এ সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ব্যাংকঋণের সহযোগিতা না পাওয়া এবং কাঁচামাল আমদানিতে জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই কারখানাগুলো সংকটে ছিল। মজুত কাঁচামাল দিয়ে সীমিত পরিসরে উৎপাদন চললেও এবার সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, কারখানায় সব ধরনের উৎপাদন বন্ধ। তাই কর্তৃপক্ষ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ ঘটনায় কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ