Views Bangladesh Logo

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, এ উদ্যোগে প্রধানমন্ত্রীর সম্মতিও পাওয়া গেছে।

বুধবার (২২ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন করে পাইকারি পর্যায়ে বিক্রি করতে পারে, তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতের হাতে থাকা উচিত।

তিনি বলেন, আমি সব বিতরণ কোম্পানিকে বেসরকারিকরণ করতে চাই।

ভারতের উদাহরণ তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কলকাতা, মুম্বাই ও দিল্লির মতো শহরে বেসরকারি কোম্পানিগুলো সফলভাবে বিদ্যুৎ বিতরণ করছে। বাংলাদেশের উদ্যোক্তারাও এ দায়িত্ব পালনে সক্ষম বলে তিনি মনে করেন।

স্থানীয় বিনিয়োগকারীদের এ খাতে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকার এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তার মতে, বেসরকারি খাত যুক্ত হলে বিদ্যুৎ বিতরণে জবাবদিহিতা বাড়বে, সেবার মান উন্নত হবে এবং বিল আদায় আরও কার্যকর হবে।

এ সময় পেট্রোলিয়াম পণ্য আমদানিতেও বেসরকারি খাতের অংশগ্রহণের পক্ষে মত দেন জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, সব সময় সরকারকেই পেট্রোলিয়াম পণ্য আমদানি করতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। বেসরকারি খাতকে সুযোগ দিলে প্রতিযোগিতা বাড়বে এবং সরকারের ওপর চাপ কমবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ