Views Bangladesh Logo

রামিসা হত্যার বিচার ১ মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: প্রধানমন্ত্রী

এক মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই মামলার চূড়ান্ত শাস্তি হবে মৃত্যুদণ্ড।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি এবকথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে শিশু ও নারী নির্যাতনের ঘটনা সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরছে। এসব অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

তারেক রহমান আরও বলেন, ভবিষ্যতে যাতে কেউ শিশু বা নারী নির্যাতনের মতো অপরাধ করার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক ও সামাজিক সংস্কারের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে শিশু ও নারী নির্যাতনের একাধিক ঘটনা সামনে আসায় জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা বলছেন, এসব ঘটনায় শুধু আইন প্রয়োগ নয়, তদন্তের গতি, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং নাগরিক সমাজের বিভিন্ন স্তরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বাড়ানো, মামলা দ্রুত নিষ্পত্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হয়েছে।

এরই মধ্যে সরকারের বিভিন্ন পর্যায় থেকেও শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হচ্ছে এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে—যার অংশ হিসেবেই রামিসা হত্যার মামলাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তির কথা উঠে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ