বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক বিএনপির স্বাধীন
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি।
সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, করপোরেশনের নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এম আর ইসলাম স্বাধীন মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।
দায়িত্ব পাওয়ার পর এম আর ইসলাম স্বাধীন বলেন, আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার শতভাগ পালন করে বগুড়া সিটি করপোরেশনকে নতুনভাবে সাজাব।
গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ গেজেট প্রকাশের মাধ্যমে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করে। এর আগে গত ২০ এপ্রিল বগুড়া পৌরসভা চত্বরে সিটি করপোরেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে। বর্তমান পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজা যুক্ত হয়েছে নতুন সিটির আওতায়।
সম্প্রসারিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সূত্রাপুর, চকবৃন্দাবন, মালগ্রাম, ঠনঠনিয়া, গাড়ামাড়া, মালতীনগর, লতিফপুর, ফুলদিঘী ও বেতগাড়ী।
এর আগে সীমানা সম্প্রসারণ নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের মতামত নেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। পরে স্থানীয়দের মতামত ও প্রশাসনের প্রতিবেদন পর্যালোচনা করে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, বগুড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৭৬ সালে। দীর্ঘদিন ১২টি ওয়ার্ড নিয়ে কার্যক্রম চললেও ২০০৬ সালে বিএনপি সরকারের সময় সিটি করপোরেশন গঠনের লক্ষ্যে ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ২১টি করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে