রাজশাহীর চারঘাট থেকে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, আট দিনেও সন্ধান মেলেনি
রাজশাহীর চারঘাট উপজেলার হাবিবপুর (তোয়াজের মোড়) গ্রাম থেকে উমাইয়া বুসরা নামের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত ৩০ এপ্রিল সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
উমাইয়া নন্দনগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার রোল নম্বর ১৪। সে হাবিবপুর (তোয়াজের মোড়) গ্রামের মো. মিজানুর রহমান ও মোসা. সেলেনা বেগম দম্পতির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৮টার দিকে উমাইয়া বুসরা স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আত্মীয়স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ৩০ এপ্রিল চারঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ উমাইয়া বুসরার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো ও লম্বা এবং উচ্চতা প্রায় ৫ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে সালোয়ার-কামিজ ছিল।
টানা আট দিন ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে পরিবারটি চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। নিখোঁজ ছাত্রীর পিতা মো. মিজানুর রহমান ও মাতা মোসা. সেলেনা বেগম অভিযোগ করেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধারে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।
মেয়েকে দ্রুত ও নিরাপদে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তারা।
কেউ উমাইয়া বুসরার সন্ধান পেলে দ্রুত চারঘাট থানা অথবা তার পরিবারের ০১৭৭৪৪৭৬১৮৫ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে