ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারান। এই জয়ের মাধ্যমে সাবালেঙ্কাকে পেছনে ফেলে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছেন রিবাকিনা।
এটি রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে ২০২২ সালে উইম্বলডন এবং চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও তার প্রতিপক্ষ ছিলেন সাবালেঙ্কা। গ্র্যান্ড স্লামের ফাইনালে সাবালেঙ্কার বিপক্ষে এটি রিবাকিনার দ্বিতীয় জয়। চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালের তিনটিতেই মুখোমুখি হয়েছেন তারা। তবে ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কার কাছে হেরেছিলেন রিবাকিনা।
প্রথম সেটে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন কাজাখ তারকা। সাবালেঙ্কার শক্তিশালী শটের বিপরীতে গভীর গ্রাউন্ডস্ট্রোক ও নিখুঁত ব্যাকহ্যান্ডে চাপ ধরে রাখেন তিনি। একপর্যায়ে ৫-৩ গেমে এগিয়ে যান রিবাকিনা। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে সেটটি জিতে নেন তিনি।
দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। ৫-৫ গেমে সমতা থাকার পর রিবাকিনার সার্ভিস ভেঙে সেটটি ৭-৫ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান বেলারুশের এই খেলোয়াড়।
তবে তৃতীয় সেটে আর লড়াই জমাতে পারেননি সাবালেঙ্কা। শুরুতেই এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৬-২ গেমে সেটটি জিতে ইউএস ওপের শিরোপা নিশ্চিত করেন রিবাকিনা।
ফ্লাশিং মিডোজে আগের ২০ ম্যাচে অপরাজিত ছিলেন সাবালেঙ্কা। কিন্তু রিবাকিনার বিপক্ষে সেই ধারাও ধরে রাখতে পারেননি তিনি। হারের পর হতাশায় নিজের চেয়ারেই র্যাকেট আছড়ে ফেলেন সাবালেঙ্কা।
শিরোপা জয়ের পর রিবাকিনা বলেন, ‘এখন আমার মুখে কোনো কথা আসছে না। নিউইয়র্কের প্রেমে আমি দিন দিন আরও বেশি পড়ছি।’
এর আগে ইউএস ওপেনে কখনো চতুর্থ রাউন্ডের বেশি যেতে পারেননি রিবাকিনা। এবার সেই সীমা পেরিয়ে সরাসরি শিরোপা জিতলেন তিনি।
মতামত দিন