রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে প্রকল্পের 'গ্রিন সিটি' আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের ৮ তলার ৮৪ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম লাতিপভ ভিল (৪২)। পুলিশ জানিয়েছে, তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোজেনারগোঅ্যাটম’-এ কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিজ কক্ষের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘ঘটনার রহস্য উন্মোচনে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে