Views Bangladesh Logo

বাংলাদেশের গ্যাস অনুসন্ধান প্রচেষ্টায় অব্যাহত সহযোগিতা চায় রাশিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের গ্যাস অনুসন্ধানের কাজের ধারাবাহিকতা নিশ্চিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে দেশটি।

মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান।

২০১২ সাল থেকে বাংলাদেশে গ্যাসের মজুত অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে গ্যাজপ্রম।

২০২৩ সালে ভোলায় আরও অনুসন্ধানে পাঁচটি নতুন কূপ চিহ্নিত করেছে কোম্পানিটি।

প্রধান উপদেষ্টা ভোলায় পাঁচটি কূপ খননের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ায় গ্যাজপ্রমকে ধন্যবাদ জানান। তিনি জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং আরও সহযোগিতার জন্য উন্মুক্ত।

বৈঠকে সাধারণ ও বাণিজ্য সহযোগিতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত।

গত বছর বাংলাদেশে রাশিয়ার গমের সরবরাহ সর্বকালের সর্বোচ্চে পৌঁছে, যা দেশটিকে মিশরের পরে রাশিয়ান শস্যের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা করে তুলেছে।

২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ২.৩ মিলিয়ন টন রাশিয়ান গম বাংলাদেশে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে জি২জি চুক্তিতে আসা ৬২৩ হাজার টন।

রাষ্ট্রদূত জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে ৩০ হাজার টন এমওপি সার সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে রাশিয়া।

তিনি প্রধান উপদেষ্টাকে কৃষি ও জাহাজ নির্মাণ ক্ষেত্রে রাশিয়াকে নতুন কর্মসংস্থানের গন্তব্য হিসেবে বেছে নেয়া বাংলাদেশিদের দেয়া ভিসার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির কথাও জানান।

চলতি বছরের জানুয়ারি-মার্চ মাসে দেয়া ভিসার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় চারগুণ বেড়েছে।

মুক্তিযুদ্ধ-পরবর্তী গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের পাশে থাকায় রাশিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ