Views Bangladesh Logo

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের পাশাপাশি কম দামে ইউরিয়া সার সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত (দায়িত্বপ্রাপ্ত) ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে খাদ্য নিরাপত্তা, কৃষি সহযোগিতা, সার সরবরাহ এবং সরকার-টু-সরকার (জিটুজি) বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে যেসব দেশ থেকে ইউরিয়া সার আমদানি করে, সেগুলোর তুলনায় প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম দামে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। যদিও অন্য সরবরাহকারী দেশের সঙ্গে দামের তুলনামূলক তথ্য প্রকাশ করা হয়নি, ফলে এই প্রস্তাবের বাস্তব মূল্যসাশ্রয় এখনো যাচাই করা সম্ভব হয়নি।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গম ও এমওপি (মিউরিয়েট অব পটাশ) সার সরবরাহে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন। একই সঙ্গে রাশিয়া সূর্যমুখী তেল, হলুদ মটরশুঁটি, ছোলা ও লাল মসুর ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহেও আগ্রহ প্রকাশ করে। উভয় পক্ষ ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ