Views Bangladesh Logo

স্যান্ডেল হারানোর বিরোধে কক্সবাজারে পল্লী পশু চিকিৎসক নিহত

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে পল্লী পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (৩০) নিহত হয়েছেন। শনিবার ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর বাবা ও দুই ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের স্যান্ডেল হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে তর্ক-বিতর্ক, পরে সাকিবের ওপর হামলার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা বৈঠকে অংশ নেয়নি বলে দাবি পরিবারের।

পরিবারের অভিযোগ, ১৫ আগস্ট সকালে কাইফু, ইমন, রোকন, জীবন ও জিহানসহ কয়েকজন দেশীয় অস্ত্র, দা, কিরিচ ও লোহার রড নিয়ে সাকিবের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি সাকিব, তাঁর বাবা ওয়াজ উদ্দিন (৬৫) এবং দুই ভাই আরফাত (২১) ও মোশাররফকে (২৪) এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে পরে সাকিবের মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, হামলায় জড়িত কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই হত্যা, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ