Views Bangladesh Logo

শিল্পকলা একাডেমিতে একক সংগীতসন্ধ্যায় গান শোনাবেন রুনা লায়লা

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তিনি তার দীর্ঘ সংগীতজীবনের কালজয়ী ও শ্রোতাপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন।

অনুষ্ঠান নিয়ে রুনা লায়লা বলেন, দীর্ঘ সংগীতজীবনের গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি জানান, শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের মাধ্যমে একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়ার চেষ্টা থাকবে।

৬২ বছরের পেশাদার সংগীতজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে রুনা লায়লা বলেন, শিল্পকলা একাডেমির মঞ্চে এর আগে মাত্র দুই-তিনবার গান গেয়েছেন। তবে সেখানে এবারই প্রথম একক সংগীতসন্ধ্যায় অংশ নিচ্ছেন তিনি। এ আয়োজনকে ঘিরে তিনি বেশ উচ্ছ্বসিত বলেও জানান।

আয়োজকদের ভাষ্য, অনুষ্ঠানে রুনা লায়লার ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবন থেকে বাছাই করা ১০টি কালজয়ী গান পরিবেশিত হবে। তার জনপ্রিয় বিভিন্ন সময়ের গান নিয়েই সাজানো হয়েছে এই বিশেষ আয়োজন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির একক সংগীতসন্ধ্যার ধারাবাহিকতায় এর আগে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী গান পরিবেশন করেছিলেন। এবার সেই মঞ্চে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হবেন রুনা লায়লা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ