Views Bangladesh Logo

মামলা হলে প্রধান আসামি হিসেবে নিজের নাম চান রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে প্রধান আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (২৪ অক্টোবর) রুমিন ফারহানার এ-সংক্রান্ত লিখিত বক্তব্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেন তাঁর ব্যক্তিগত সহকারী জাকির হোসেন। ওসির সঙ্গে বাদানুবাদের ঘটনায় পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করার খবর ছড়িয়ে পড়ার পর এ বক্তব্য দিলেন তিনি।

লিখিত বক্তব্যে রুমিন ফারহানা জানান, গত ২৩ অক্টোবর সরাইল থানার ওসির বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। প্রশাসনের প্রতি সম্মান রেখে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার জন্য অপেক্ষা করছেন। প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সরাইল থানা ভবনে ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়ান রুমিন ফারহানা। অনিয়ম-দুর্নীতি এবং দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না পাওয়ার বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে আসা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি। ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বাদানুবাদের একপর্যায়ে রুমিন ফারহানা ওসি মনজুর কাদের ভূঁইয়াকে বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ