শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা, ফিরে গেলেন ফুল না দিয়েই
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের প্রথম প্রহরে নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে শ্রদ্ধা জানাতে বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে ফুল না দিয়েই এলাকা ত্যাগ করেন তিনি।
এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে তার সমর্থকেরা সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
রুমিন ফারহানা অভিযোগ করেন, পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে তাকে বাধা দেওয়া হয়েছে এবং বিএনপি নেতৃত্ব যদি মাঠপর্যায়ের কর্মীদের নিয়ন্ত্রণ না করে, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তিনি জানান, ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং তার আহত কর্মী আব্দুল আহাদের বিষয়টিও তুলে ধরেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে