Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে অনুপস্থিত রুমিন ফারহানা ও গাজী নজরুল

জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর শুরু হয়েছে বহুল আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটে ভোট দেওয়া শুরু করেন সংসদ সদস্যরা। নির্বাচন কমিশনের গঠিত প্যানেলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সংসদ সদস্য ইতোমধ্যে ভোট দিয়েছেন।

তবে বিকেল ৪টা পর্যন্ত ভোটকেন্দ্রে দেখা যায়নি দুই সংসদ সদস্যকে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

সংসদ সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী যেকোনো প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পেলেও বিকেল ৪টা পর্যন্ত তাকে সংসদ কক্ষে ভোট দিতে দেখা যায়নি।

নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ সদস্যদের নিজ নিজ আসনে বসে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভোটগ্রহণের জন্য অধিবেশন কক্ষে তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে ব্যালট পেপারে স্বাক্ষর করার পর সদস্যরা নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়ে তা বাক্সে জমা দিচ্ছেন।

বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কোনো সংসদ সদস্য ওই সময়ের মধ্যে অধিবেশন কক্ষে উপস্থিত হলে ভোট দিতে পারবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই শুরু হবে গণনা। এরপর নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন।

এদিকে ভোট দেওয়ার পর বিভিন্ন দলের সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তুলতে দেখা যায়। প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় সংসদ ভবনে ভোটকে ঘিরে রাজনৈতিক নেতাকর্মী ও সংসদ সদস্যদের মধ্যে বাড়তি আগ্রহও দেখা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ