তিন স্বতন্ত্র সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাসহ তিনজন স্বতন্ত্র সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।
তারা এমপি হিসেবে শপথ নেওয়ার পরও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এর আগে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং তারপরই শপথ নেওয়ার বিধান করা সম্ভব।
এদিকে, জামায়াতে ইসলামী জানিয়েছিল, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, তবে তারা সংসদ সদস্য হিসেবেও শপথ নেবেন না। তবে পরে তারা সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করছেন।
এর আগে, বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
সাধারণত জাতীয় সংসদের স্পিকার সংসদ সদস্যদের শপথ পড়ান। তবে গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কারণে সংবিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট হয়নি। এছাড়া দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরমধ্যে বিএনপি জোট পেয়েছে ২১৩টি আসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে