Views Bangladesh Logo

প্রথমবার সরকারি দলের মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গৃহীত

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের সংসদীয় ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ৫৩ বছরের মধ্যে এই প্রথমবার ট্রেজারি বেঞ্চের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এই মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটি আলোচনার জন্য একটি তারিখ নির্ধারণ করেন।

মুলতবি প্রস্তাব উত্থাপন করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ১৭ বছরের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে সংঘটিত জুলাই-আগস্ট বিপ্লবের ফসল হলো “জুলাই ন্যাশনাল চার্টার”। এটি আমাদের ভবিষ্যতের রূপরেখা। কার্যপ্রণালী বিধির ৬২ অনুযায়ী আমি এই মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। এই সনদ মূলত একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যেখানে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন প্রণয়ন, সংশোধন ও পরিমার্জনের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। জুলাই জাতীয় সনদ ২০২৫ কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংসদের চলমান কার্যক্রম মুলতবি রেখে এ বিষয়ে আলোচনা করা প্রয়োজন।’

প্রস্তাবটি গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় সদস্য, আপনি যে মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যপ্রণালী বিধির ৬৫ (২) অনুযায়ী আমি এ বিষয়ে আলোচনার অনুমতি দিচ্ছি। সংসদের বর্তমান কার্যসূচি বিবেচনায় আগামী রোববার, ৫ এপ্রিল দিনের শেষ কার্যসূচি হিসেবে সর্বোচ্চ দুই ঘণ্টা এ প্রস্তাবের ওপর আলোচনা নির্ধারণ করা হলো।’

স্পিকার আরও বলেন, ‘বাংলাদেশের সংসদের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবার ট্রেজারি বেঞ্চের কোনো সদস্য মুলতবি প্রস্তাব এনেছেন। আগামী ৫ এপ্রিল এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ