Views Bangladesh Logo

রুবেলের পাঁচ উইকেটে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ৭ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের চাপে পড়ে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক। একপর্যায়ে ৮ উইকেটে ৯৭ রানে পরিণত হয় স্বাগতিকরা। শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে জর্ডান সিল্ক ৩১, ম্যাট হ্যামন্ড ২৬ এবং ক্যাডেল ম্যাকমাহন ২৫ রান করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মোহাম্মদ রুবেল। মাত্র ২১ রান খরচায় ৫ উইকেট তুলে নেন এই রহস্যময় স্পিনার। তার কার্যকর বোলিংয়েই বড় সংগ্রহ গড়তে পারেনি নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশ এইচপির। তৃতীয় ওভারেই আরিফুল ইসলাম ফিরে গেলে কিছুটা চাপ তৈরি হয়। এরপর সাব্বির রহমান দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস সামাল দেন। ৩৭ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন তিনি। মাত্র ৩ রানের জন্য ফিফটি না পেলেও দলকে জয়ের পথে এগিয়ে দেন সাব্বির।

সাব্বির আউট হওয়ার পর কিছুটা চাপ তৈরি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। হাবিবুর রহমান সোহানের ১৮ বলে ২২ রান এবং সামিউন বশির রাতুলের ৮ বলে অপরাজিত ১৪ রানে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

১৬ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ