রাজশাহীতে রেললাইন অবরোধ রাবি শিক্ষার্থীদের, সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ
রাজশাহীতে পদ্মা এক্সপ্রেস ট্রেনের এক টিকিট পরীক্ষকের (টিটিই) বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। মারধরের শিকার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় টিটিই যাত্রীদের কাছ থেকে সরকারি রসিদ ছাড়াই অর্থ আদায় করছিলেন। এর প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই একটি স্টেশনে তাকে জোর করে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দীন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৬৭ ব্যাচ) শিক্ষার্থী।
এ ঘটনার প্রতিবাদে রেললাইনে অবস্থান নিয়ে অভিযুক্ত টিটিই সুমনের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।
এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, রেললাইন অবরোধ করে রাখায় ঢাকামুখী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী স্টেশনে আটকে আছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন দুটি ছেড়ে যেতে পারেনি। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
এদিকে রেললাইন অবরোধের কারণে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মতামত দিন